স্বরা ভাস্কর নাকি ‘মুসলিম সন্ত্রাসী’!

বরাবরই সোজাসুজি কথা বলেন স্বরা ভাস্কর। লুকোচুরি তার স্বভাবের মধ্যে নেই। এর ফলাফলও তিনি জানেন। তাই সোশ্যাল মিডিয়ায় কোনো বক্তব্য নিয়ে তোলপাড় হলেও স্বরা ততটা বিচলিত হন না।

সম্প্রতি উপমহাদেশে মুঘল শাসন নিয়ে টুইট করে অনেকের বিরাগভাজন হয়েছেন অভিনেত্রী। তাকে ‘মুসলিম সন্ত্রাসী’ও বলা হয়েছে প্রতিক্রিয়ায়।

রোববার নিজের টুইটারে একটি আর্টিকেল শেয়ার করেন ‘নীল বাটে সানাটা’ নায়িকা। ওই লেখার শিরোনাম ‘মুঘলরা ভারত লুট করেনি’। ডেইলি ও’তে প্রকাশিত এই লেখায় গবেষক রানা সাফভি’র জানান, মুঘলরা ভারতকে সমৃদ্ধিশালী করেছে।

মন্তব্যের ঘরে কেউ কেউ বলছেন পাবলিসিটি স্ট্যান্ট হিসেবে আর্টিকেলটি শেয়ার করা হয়েছে- স্বরা জানে কীভাবে লাইমলাইটে থাকতে হয়। এর মধ্যে বলা হলো তিনি ‘মুসলিম সন্ত্রাসী’।

এমনকি স্বরার ব্রেন ওয়াশের দরকার বলেও মন্তব্য করা হয়। তার শিক্ষা-দীক্ষা নিয়ে বলা হয়- হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তাই সঠিক ইতিহাস জানেন না। ভারত যদি গরিব পাকিস্তান দখলে নেয় কী হবে- সেই কথাও চলে আসে মন্তব্যে।

অবশ্য এই সব মন্তব্যের কোনোটির জবাব দেননি স্বরা ভাস্কর।

এই নায়িকাকে শেষবার দেখা গেছে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ভিরে দ্য ওয়েডিং’-এ। চার বান্ধবীর কাহিনিতে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেন কারিনা কাপুর খান ও সোনম কাপুর।