বার্সেলোনার খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের সামনে এলেন অতোঁয়ান গ্রিজমান। কাতালান ক্লাবটিতে ১৭ নম্বর জার্সি পরে খেলবেন ফরাসি এই তারকা ফরোয়ার্ড।
দীর্ঘ দিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে গত শুক্রবার গ্রিজমানকে দলে টানার ঘোষণা দেয় বার্সেলোনা। আক্রমণভাগের এই খেলোয়াড়কে দলে টানতে আতলেতিকোয় তার বাইআউট ক্লজের ১২ কোটি ইউরো পরিশোধ করেছে কাতালান ক্লাবটি। লা লিগা চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তিতে তার বাইআউট ক্লজ রাখা হয়েছে ৮০ কোটি ইউরো।
রোববার বার্সেলোনার ১৭ নম্বর জার্সি গায়ে সাংবাদিকদের সামনে হাজির হন গ্রিজমান। তার আগে স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো, ডাচ মিডফিল্ডার মার্ক ফন বোমেল ও ফরাসি মিডফিল্ডার ইমানুয়েল পেটিট এই জার্সি পরে কাতালান ক্লাবটির মাঠ রাঙিয়েছেন।
ক্লাবটির হয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিততে মুখিয়ে আছেন বলে জানালেন ২৮ বছর বয়সী গ্রিজমান, “এখানে আসতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। আমি বড় একটি চ্যালেঞ্জ নিতে যাচ্ছি। সামনে যা কিছু আসছে আমি সেসবের জন্য প্রস্তুত।”
“এটা নতুন একটি চ্যালেঞ্জ। আমি সবসময় আরো উন্নতি করতে চাই। আমি লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই, এই শিরোপাগুলো আমার সিভিতে নেই।”