ভারতে বিনোদন পার্কে আচমকা রাইড ভেঙে পড়ে নিহত ২

ভারতে আহমেদাবাদে একটি বিনোদন পার্কের রাইড ভেঙে নিহত হয়েছেন দুই দর্শনার্থী। এতে আহত হয়েছেন আরও ২৭ জন। রবিবার ছুটির দিনে এমন ঘটনায় শোকগ্রস্ত হয়ে পড়ে পুরো এলাকা।

এনডিটিভি জানায়, আহমেদাবাদে কঙ্কারিয়া অ্যাডভেঞ্চার পার্কের একটি রাইড চলাকালে এ দুর্ঘটনা ঘটে। তখন রাইডটিতে ছিল ৩০ জন যাত্রী। আচমকাই ওই রাইডের প্রধান পাইপটি ভেঙে পড়ে। এতে রাইড গতি হারালে ছিটকে পড়ে যাত্রীরা।

স্থানীয় পুলিশ জানায়, ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাদের নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা এমএফ দস্তুর বলেন, “ওই রাইডটিতে ৩২ টি আসন রয়েছে। রাইডের প্রধান পাইপটি আচমকা ভেঙে মাটিতে পড়ে যায়। কীভাবে ওই পাইপটি ভাঙল তা তদন্ত করে দেখছে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি।”