মন্ত্রিসভার সদস্য, সচিব, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রকল্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য সাতটি আবাসন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে এসব প্রকল্প উদ্বোধনকালে তিনি বলেন, “আমরা আধুনিক সুবিধা সংবলিত ১ হাজার ৬৭১টি আবাসন প্রকল্প উদ্বোধন করেছি।”
বাসস জানায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে এসব প্রকল্পের চারটি সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। অপর তিনটি প্রকল্পের কাজ সম্পন্ন করেছে জাতীয় গৃহায়ণ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী বলেন, “আমি আশা করি, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এসব সুন্দর ও মনোরম পরিবেশে আবাসন সুবিধা পেয়ে তারা তাদের দায়িত্বের প্রতি আরও মনোযোগী হবেন।”
তিনি বলেন, ইতোমধ্যেই তিনি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রাজধানীতে আবাসন সুবিধা আরও ৪০ শতাংশ বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। ২০১৪ সালে এটা ছিল মাত্র ৮ শতাংশ।
শেখ হাসিনা বলেন, “আমরা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে আরও ১৬টি প্রকল্পের মাধ্যমে ৬ হাজার ৩৫০টি ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া ১৩টি প্রকল্পের মাধ্যমে আরও ১ হাজার ৬৭৪টি ফ্ল্যাট নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছি।”
তিনি বলেন, “আমরা ইতোমধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১ হাজার ৫১২টি ফ্ল্যাট নির্মাণ করে তাদের মধ্যে বিতরণ করেছি।”
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সুবিধার জন্য ইতোমধ্যে ৬৪টি জেলায় ২ হাজার ৮১৬টি ডরমিটরি নির্মাণের উদ্যোগ নিয়েছে।
এসময় তিনি বলেন, “আমরা একটি লোককেও বস্তিতে বসবাস করতে দিতে চাই না। কাজেই আমরা রাজধানীর বস্তিবাসীর জন্য এখন ফ্ল্যাট নির্মাণ করছি। এর মধ্যেই মিরপুরে ৫৩৩টি ফ্ল্যাটের নির্মাণকাজ চলছে। এছাড়া, বস্তিবাসীর জন্য আরও ১৬ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে।”
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ও মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাতটি প্রকল্পের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।