দুধ নিয়ে গবেষণা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. আ ব ম ফারুককে হুমকি দেয়ায় অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনের বহিষ্কার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব ৭১।
সোমবার সকাল ১১ টায় রাজধানীর শাহবাগ চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি করেন সংগঠনটি। এ সময় অধ্যাপক ফারুকের পাশে থাকার ঘোষণাও দিয়েছেন তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঢাবির পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আব্দুজ জাহের, ঢাবি শিক্ষক ড. রায়হান, ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, ঢাবির রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণী ইসলাম প্রমুখ।
মানববন্ধনে ডা. আব্দুজ জাহের বলেন, আমি স্যারকে ব্যক্তিগতভাবে চিনি। স্যারের সততা নিয়ে কখনো কেউ আঙুল তুলতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের কাজ গবেষণা করা। স্যারও জনস্বার্থে গবেষণা করেছেন। আর এ গবেষণায় তিনি দুধে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক পেয়ে জনগণকে জানিয়েছেন। এ গবেষণা ভুল প্রমাণ করতে হলে আরেকটা গবেষণা দিয়ে করতে হবে। অথচ মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কোনো রকম প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে মামলার হুমকি দিচ্ছেন।
তিনি বলেন, আমরা ফারুক স্যারের পাশে নয় বরং একজন গবেষক, একজন দেশপ্রেমিক স্যারের পাশে আছি। আমরা ভেজালমুক্ত বাংলাদেশ চাই। স্যারকে হুমকি দেয়া সেই অতিরিক্ত সচিবের অপসারণসহ তার শাস্তি দাবি করছি।
সাবেক ছাত্রনেতা সাজ্জাদ সাকিব বাদশা বলেন, সারা বিশ্বে যখন অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমছে, সেখানে আমাদের দেশে এটার ব্যবহার বাড়ছে। ফারুক স্যার গবেষণা করে দুধে অ্যান্টিবায়োটিক পেয়েছেন। তাই তিনি জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এটি দ্রুত প্রকাশ করেছেন। কিন্তু স্যারকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে। এসব আমরা মেনে নেব না।
ছাত্রলীগ নেত্রী শ্রাবণী ইসলাম বলেন, আমি স্যারকে বলতে চাই। স্যার আপনি একা নন। আমরা আপনার পাশে আছি। স্যারের গবেষণায় পৃষ্ঠপোষকতা করা উচিত। অথচ স্যারকে হুমকি দেয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে গবেষণা করার অধিকার সবার আছে।
উল্লেখ্য, ২৫ জুন এক সংবাদ সম্মেলনে ঢাবি বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক আ ব ম ফারুকসহ ফার্মেসি অনুষদের কয়েকজন শিক্ষক দুধে অ্যান্টিবায়োটিক পাওয়ার গবেষণার ফলাফল প্রকাশ করেন। গত ৯ জুলাই গবেষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন।