রুদ্ধশ্বাস ফাইনালে জিতে উল্লাসে ভাসছে ইংল্যান্ড। কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তেও কি তারা জেনেছিল দিনটি তাদের হতে চলেছে? ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক ওয়েন মরগান জানালেন, তিনি নিজেও নিশ্চিত ছিলেন না। আদিল রশিদের সঙ্গে উত্তেজনাকর মুহূর্তে আলাপ করতে গিয়ে মনে জোর পান। কারণ ইংল্যান্ডের মুসলিম এই ক্রিকেটার মরগানকে সাহস দেন এই বলে যে আল্লাহ অবশ্যই তাদের সঙ্গে আছেন।
ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের ফাইনাল টাই হয়। সুপার ফাইনালে প্রথম সুপার ওভারও দেখল বিশ্ব। ওই ফল নির্ধারণী ওভারের লড়াইয়ে পরে বোলিংয়ে ছিল ইংল্যান্ড। তাতে নিজেদের বোলিংয়ের সময় মাঠে নামার মুহূর্তে রশিদ অধিনায়ক মরগানকে সাহস জোগান। ভাগ্য সুপ্রসন্ন থাকায় ইংল্যান্ড শিরোপা জিতল কি না এমন প্রশ্নে মরগান জানান, ‘হতে পারে আমরা একটু ভাগ্যবান ছিলাম। কারণ আল্লাহও আমাদের সঙ্গে ছিলেন। আদিল রশিদের সঙ্গে কথা হচ্ছিল। আমি একটু বিচলিত ছিলাম। সে আমাকে সাহস জোগানোর জন্য বলছিল, চিন্তা করো না, আল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে আছেন। তাই বলব সেদিক থেকেও আমাদের ভাগ্য ভালো ছিল।’