প্রযুক্তিগত জটিলতার কারণে ভারতের দ্বিতীয় চন্দ্র অভিযানের উৎক্ষেপণ নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাখানেক আগে স্থগিত করা হয় বলে জানিয়েছে এনডিটিভি। ত্রুটি ধরা পড়ায় উৎক্ষেপণের ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে মিশনটি স্থগিত করা হয় বলে জানায় ভারতের মহাকাশ সংস্থা।
স্থানীয় সময় গতকাল সোমবার রাত ২টা ৫১ মিনিটে অন্ধ্র প্রদেশ রাজ্যের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ স্টেশন থেকে চন্দ্রযান-২-এর উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সমস্যা ধরা পড়ায় তা স্থগিত হয়ে যায়। শিগগিরই উৎক্ষেপণের নতুন একটি তারিখ নির্ধারণ করার কথা রয়েছে। যাত্রা শুরুর নির্ধারিত সময়ের ২০ ঘণ্টা আগে গত রবিবার স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিট থেকে এ অভিযানের কাউন্টডাউন শুরু হয়েছিল।
৩ দশমিক ৮ টন ভারী মহাকাশযানটিকে বহন করে কক্ষপথে নিয়ে যেতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) তাদের সবচেয়ে শক্তিশালী রকেট জিএসএলভি এমকে থ্রি ব্যবহার করার প্রস্তুতি নিয়েছিল।
৬৪০ টন ওজনের, ১৫ তলা সমান উচ্চতার এ রকেটের নাম দেওয়া হয়েছে ‘বাহুবলী’। এই রকেটটিতেই ত্রুটি ধরা পড়ে। রকেট থেকে জ্বালানি লিক করছে বলে ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন।