চলতি ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। দাবি আদায়ে আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়েছেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
গতকাল সোমবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে এ দাবি জানান তারা। ‘ঢাবির সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ বিক্ষোভের আয়োজন করা হয়। দুপুরে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে অপরাজেয় বাংলা, কলাভবন হয়ে ব্যবসায় শিক্ষা অনুষদ, মধুর ক্যান্টিন ঘুরে ফের রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করেন তারা।
বিক্ষোভকারীরা ‘রাখতে ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান’; ‘বাতিল চাই বাতিল চাই, সাত কলেজ বাতিল চাই’; ‘সাত কলেজের অধিভুক্তি, বাতিল কর, করতে হবে’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। একপর্যায়ে তারা কিছুক্ষণ রাস্তা বন্ধ করে রাখেন। সমাবেশে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র শামিম আহমেদ, রাকিবুল ইসলামসহ অন্যরা।
২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়া এবং সীমিত সামর্থ্যে কয়েক লাখ শিক্ষার্থীর দায়িত্ব নেওয়ায় যুক্তিতে ঢাবি শিক্ষার্থীরা বিলম্বে ফলাফল প্রকাশসহ বিভিন্ন অভিযোগ করে আসছেন।