ডেঙ্গু রোগের চিকিৎসা দেবে ডিএসসিসি

ফোন করলেই বাসায় যাবেন স্বাস্থ্যকর্মীরা : মেয়র খোকন

ডেঙ্গুসহ নানা রোগের প্রাথমিক চিকিৎসাসেবা দিতে ৬৮টি মেডিকেল টিম গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল সোমবার ডিএসসিসি ভবনে ‘বিশেষ প্রাথমিক চিকিৎসাসেবা পক্ষ-১৯’ নামে এ টিমের সেবা কার্যক্রম উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন। অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন বলেন, ‘ডিএসসিসি এলাকার কেউ যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হন তাহলে আমাদের হটলাইন নম্বরে (০৯৬১১০০০৯৯৯) কল দিয়ে জানান। স্বাস্থ্যকর্মীরা আপনার বাসায় পৌঁছে যাবেন। তারা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেবেন। শুধু ডেঙ্গু রোগী নয়, যদি আবহাওয়াজনিত কোনো রোগ যেমন, সর্দি-জ্বর এ ধরনের কোনো রোগ হয়, সেগুলোরও প্রাথমিক চিকিৎসা দেবে আমাদের মেডিকেল টিম। অনুরোধ, আতঙ্কিত হবেন না।’ তিনি বলেন, ‘যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৬৮টি মেডিকেল টিম গঠন করেছি। এসব মেডিকেল টিম আমাদের ৪৭৬টি কেন্দ্রে বিনামূল্যে ওষুধ প্রদান করবে। যদি আমাদের স্বাস্থ্যকর্মীরা মনে করেন, কোনো রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে, তাহলে আমাদের মহানগর জেনারেল হাসপাতাল ও শিশু হাসপাতালে তাদের বিনামূল্যে ভর্তি করা হবে।’ মেয়র বলেন, ‘ডিএসসিসি এলাকায় ডেঙ্গুর যে প্রাদুর্ভাব, সেটি গত দুই-তিন বছরের তুলনায় এবার কিছুটা বেড়েছে। কিন্তু আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।