রাজধানীর হাতিরঝিল, ধানমন্ডি ও দক্ষিণ মনিপুরে গতকাল সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। হাতিরঝিল থানার এসআই শরিফুল ইসলাম জানান, রাত ৮টার দিকে ওমর আলী লেনের নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আরিফ (২১) ও মাজহারুল (২০) নামে দুই শ্রমিক। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ধানমন্ডিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন তাওহিদুল ইসলাম (২২) নামে আরেক নির্মাণশ্রমিক। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা আবদুর রাজ্জাক জানান, সকাল ১০টার দিকে ধানম-ির ১ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন তাওহীদুল। তাকে উদ্ধার করে ধানমন্ডির পপুলার হাসপাতালে ও পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান জানান, তিনটি লাশই ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার জানান, দুপুরে দক্ষিণ মনিপুরের একটি বাসায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ইমরান হাওলাদার (২০) নামে এক শ্রমিক। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।