দুধ নিয়ে ঢাবিতে গবেষণা

শিক্ষককে হুমকি দেওয়া অতিরিক্ত সচিবের অপসারণ দাবি

দুধ নিয়ে গবেষণা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. আ ব ম ফারুককে ‘হুমকি’ দেওয়া অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনের বহিষ্কার দাবি করেছে মুক্তিযুদ্ধের সপক্ষের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব ’৭১। গতকাল সোমবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগ চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।

এ সময় ঢাবির পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আব্দুজ জাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ গবেষণা করা।

স্যারও (অধ্যাপক ফারুক) জনস্বার্থে গবেষণা করেছেন। গবেষণায় তিনি দুধে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক পেয়ে জনগণকে জানিয়েছেন। তার গবেষণা ভুল প্রমাণ করতে হলে আরেকটা গবেষণা করতে হবে।

অথচ মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কোনো রকম প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে মামলার হুমকি দিচ্ছেন। হুমকি দেওয়া সেই অতিরিক্ত সচিবের অপসারণসহ তার শাস্তি দাবি করছি।

এ সময় সাবেক ছাত্রনেতা সাজ্জাদ সাকিব বাদশা বলেন, সারা বিশ্বে যখন অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমছে, সেখানে আমাদের দেশে এটার ব্যবহার বাড়ছে। ফারুক স্যার গবেষণা করে দুধে অ্যান্টিবায়োটিক পেয়েছেন। তাই তিনি জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এটি দ্রুত প্রকাশ করেছেন। কিন্তু স্যারকে নিয়ে চক্রান্ত হচ্ছে। এসব আমরা মেনে নেব না।