‘ব্ল্যাক ক্যাপস শূন্য রানে পরাজিত আর এভাবে বিশ্বকাপের সমাপ্তি ঘোষিত হলো!’Ñ নিউজিল্যান্ড হেরাল্ড সংবাদপত্রের এমন শিরোনামেই বোঝা যায় নিউজিল্যান্ডের সাধারণ জনগণের কতটা হৃদয় ভেঙেছে রবিবারের ফাইনাল।
বিশ্বকাপের ফাইনাল শুরু হয় নিউজিল্যান্ড সময় রাত ১০টায়। চরম নাটকীয়তার মঞ্চায়ন করে যার শেষ হয় সকাল ৬টা ৩০ মিনিটে। নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন চেয়েছিলেন উৎসবের রঙে রাঙাবেন ফাইনালের পরের দিন। তাই দলের জয়ে সরকারি বন্ধ ঘোষণার পরিকল্পনাও নিয়েছিলেন। কিন্তু কিউইবাসীদের শোকে ভাসিয়ে মিটারখানিকের জন্য ট্রফি ছোঁয়া দূরত্ব থেকে বঞ্চিত হতে হয় তাদের। প্রধানমন্ত্রী যদিও গর্বিত দলের এই অর্জনে, ‘কী অসাধারণ খেলেছে ব্ল্যাক ক্যাপস! আমি গর্ব ছাড়া অন্য কিছু অনুভব করছি না।’ তবে দেশের মানুষের সঙ্গে আক্ষেপে ভেসে আরও যোগ করেন, ‘আমরা কিউইরা গত চার বছর ধরে এই সুপার ওভারের জন্য কি অপেক্ষা করেছিলাম!’
বিশ্বকাপে নিউজিল্যান্ডের কিছু জয় এসেছিল সেন্টিমিটার ব্যবধানে। অর্থাৎ, সেন্টিমিটার এদিক-সেদিক হলে হয়তো জয়বঞ্চিত হতো দলটি। এবার একই ঘটনার শিকার দলটি। তবে দুর্ভাগ্যজনকভাবে ফাইনালের মঞ্চে। দেশটির ক্রীড়ামন্ত্রী নিজের টুইটে সে কথাই টেনে এনেছেন, ‘ক্রিকেট মাঠে ফলাফল কিছু সময় সেন্টিমিটারে নির্ধারিত হয়। ফাইনালে যেমনটা হলো।’
তবে এমন হারে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক ক্রিকেট তারকারা। তারা আইসিসির এমন ভুতুড়ে ফলাফল নির্ধারণে অখুশি। স্কট স্টাইরিস বলেন, ‘আইসিসি তোমরা প্রতিনিয়ত নিজেদের মজার পাত্র বানাচ্ছ।’ আর ব্ল্যাক ক্যাপসদের সাবেক অধিনায়ক তো এই হারকে তাদের প্রতি ‘নিষ্ঠুরতা’ বলে দাবি করেছেন। তবে দেশটির অন্য ক্ষেত্রের তারকা দলের এমন হারেও গর্বিত। অভিনেতা স্যাম নিল জানান, ‘ওদের জন্য আমরা গর্বিত। এর চেয়ে কম ব্যবধানে হারা সম্ভব নয়।’ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে রাগবি দল জানায়, ‘বিশ্বকাপের শুরু থেকে শেষ অবধি তোমাদের অসাধারণ পারফরম্যান্স আমাদের মাথা উঁচু করেছে।’ ক্রাইস্টচার্চ বংশোদ্ভূত বেন স্টোকস নিউজিল্যান্ড থেকে শিরোপা ছিনিয়ে নিয়েছেন। স্টোকসের বাবা ছেলের কীর্তিতে খুশি হলেও এই ম্যাচে নিউজিল্যান্ড হেরেছেÑ এমনটা মানতে নারাজ। তাই জেরার্ড স্টোকস চাইছেন দু’দলকে শিরোপা দিতে। বলেন, ‘দুই দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করে শিরোপা দেওয়া উচিত।’