নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নারায়ণগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিপ্লব (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাইক্রোবাস স্ট্যান্ডের পাশে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

পুলিশের দাবি, নিহত বিপ্লব শীর্ষ মাদক কারবারিদের তালিকাভুক্ত। তার বিরুদ্ধে ফতুল্লাতে ১৪টি মাদকের মামলা রয়েছে।

বিপ্লব নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদমারি এলাকার সুলতান মিয়ার ছেলে।

জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) কামরুল জানান, রাত আড়াইটার দিকে বিপ্লবকে গ্রেপ্তারের জন্য লিংক রোডের পাশে মাইক্রোবাস স্ট্যান্ডের দিকে অভিযানে যায় ডিবি পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে কয়েকজন সন্ত্রাসী গুলি করে।

পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এরপর সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে বিপ্লবের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ ঘটনায় আহত হন উপ-পরিদর্শক (এসআই) ওসমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল এবং দুই কনস্টেবল। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।