প্রথমবারের মতো ‘মিস্টার ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ

সারা বিশ্ব জুড়েই চলছে নতুন নতুন প্রতিভা খোঁজার অনুষ্ঠান। বাংলাদেশেও সেই পালে হাওয়া লেগেছে। এর আগে বাংলাদেশ অংশ নিয়েছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়। এবার প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিতে যাচ্ছে ‘মিস্টার ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায়। মূল প্রতিযোগিতায় প্রতিনিধি পাঠানোর লক্ষ্যে শুরু হয়েছে স্থানীয় রিয়্যালিটি শো ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’। রিয়্যালিটি শো’টির আয়োজন করতে যাচ্ছে অন্তর শোবিজের সহ-প্রতিষ্ঠান এক্সপোজার লিমিটেড।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে এক্সপোজার লিমিটেডের চেয়ারম্যান স্বপন চৌধুরী জানান, প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে ১০ দিন আগে। নিবন্ধন শেষ হবে ১৭ জুলাই (বুধবার) মধ্যরাতে। নিবন্ধের জন্য ওয়েবসাইট -এ ক্লিক করে বিস্তারিত জেনে আবেদন করতে হবে। ইতিমধ্যেই প্রায় ৫ হাজার প্রতিযোগীর আবেদন জমা পড়েছে বলেও জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এক্সপোজার লিমিটেড লাইসেন্সিং এন্ড কমপ্লায়েন্স ডিরেক্টর রেজাউল করিম, সিওও সজীব রশিদ ও ইভেন্ট ডিরেক্টর কিষাণ ভুঁইয়া।

বেশ কিছু নিয়ম-কানুনও রয়েছে। যেগুলো মেনেই প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য আবেদন করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হতে হলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রতিযোগীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে এবং উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৭ ইঞ্চি। আবেদনকারীকে হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী, উত্তম নৈতিক গুণাবলি সম্পন্ন। প্রতিযোগীকে অবিবাহিত হতে হবে। প্রতিযোগী যদি ডিভোর্সপ্রাপ্ত হয় তাতে কোনো সমস্যা নেই। তবে বিবাহিত বা সংসারী প্রতিযোগী অযোগ্য বলে গণ্য হবে। বাংলাদেশ থেকে বিজয়ী প্রতিযোগী ফিলিপাইনে অনুষ্ঠিতব্য ‘মিস্টার ওয়ার্ল্ড ২০১৯’ এর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে শুরু হয় পুরুষদের জন্য আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস্টার ওয়ার্ল্ড’। প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে লন্ডন ভিত্তিক সংস্থা মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন। প্রতি দু’বছর পর পর আয়োজিত হয় ‘মিস্টার ওয়ার্ল্ড’। সর্বশেষ মিস্টার ওয়ার্ল্ড খেতাব পেয়েছেন ভারতের হায়দরাবাদের রোহিত খানদেওয়াল।