বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মঙ্গলবার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলমান খেলায় প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে মোহামেডান। দুটি গোলই করেছেন তকলিস আহমেদ।
মৌসুমের শেষ আবাহনী-মোহামেডান লড়াই এটি। সন্ধ্যা ৭টায় শুরু ম্যাচটা অনেকটায় গ্যালারি অনেকটাই নিরুত্তাপ। বর্ষার বৃষ্টিতে মাঠও ভারী। সেই মাঠে স্বাভাবিক খেলাটা যে দুই দল খেলতে পারছে তা বলা যাবে না।
শেষ ক’বছরে আবাহনীর কাছে মোহামেডানের হার অনুমিত হয়ে দাঁড়িয়েছে। ২০১৬ সাল থেকে দুই দলের সর্বশেষ ৫ দেখাতেই জিতেছে আবাহনী। সব মিলে প্রিমিয়ার লিগে দুই দলের ২২ দেখায় আবাহনীর জয় ১০টিতে। ৮ ড্রয়ের বিপরীতে হার মাত্র ৪টিতে।
মোহামেডান সর্বশেষ আবাহনীকে হারিয়েছিল ২০১৫ সালের মে’তে। সেবার ১-০ গোলের জয় তুলে নেয় দলটি। এ ম্যাচ জিততে পারলে চার বছর পর চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর স্বাদ পাবে মোহামেডান।
আবাহনী হারলে শিরোপার লড়াই থেকেই পিছিয়ে পড়বে। কেননা শিরোপার লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংস এগিয়ে চলেছে দুরন্ত গতিতে।