কুমিল্লার আদালতে আবেগের বশে দুর্ঘটনা ঘটে গেছে: হানিফ

কুমিল্লায় আদালতের মধ্যে ছুরিকাঘাতে একজন নিহত হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আবেগের বশে একটা দুর্ঘটনা ঘটে গেছে।

মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে 'গণতন্ত্রের মানস কন্যা বিশ্ব শান্তির অগ্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্র পুনরুদ্ধার দিবস' উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপির এক নেতা প্রেস ব্রিফিং করলেন। প্রেস ব্রিফিং করে বললেন আদালতের মধ্যে একজন ব্যক্তি নিহত হয়েছে কুমিল্লায়, এরপর আর সরকার থাকে না। সরকার পদত্যাগ করেন। আমি বলি এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা। তারা দুজন মামাতো ফুপাতো ভাই, একই মামলার আসামি ছিল। আবেগের বশে একটা দুর্ঘটনায় ঘটে গেছে।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

উল্লেখ্য, সোমবার সকাল সোয়া ১১টায় কুমিল্লার অতিরিক্ত ৩ য় দায়রা জজ আদালতে বিচারকের সামনেই এক আসামিকে কুপিয়ে খুন করে অপর এক আসামি। তোর কারণে আমি মামলায় আসামি হয়েছি বলে মারতে মারতে খাস কামরায় নিয়ে বিচারকের সামনেই উপর্যুপরি ছুরিকাঘাত করে ফারুক নামে এক যুবককে হত্যা করেন হাসান। ফারুক ও হাসান সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।