পটুয়াখালীর দুমকিতে উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. হাসান সিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো. রফিকুল ইসলাম জীবনকে সভাপতি এবং মো. সবুজ সিকদারকে সাধারণ সম্পাদক করে দুমকি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
এদিকে গতকাল মঙ্গলবার সকালে নবগঠিত এ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক মো. সবুজ সিকদারকে নিয়ে তিন শতাধিক কর্মী-সমর্থক একটি আনন্দ মিছিল বের করে। উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আনন্দ-উল্লাস করে তারা। অন্যদিকে নেতৃত্ব ও পদবঞ্চিত সাবেক কমিটির দুই সহ-সভাপতি এইচ. এম রিয়াদ হোসেন ও মিরাজ খন্দকারের নেতৃত্বে অর্ধশতাধিক কর্মী-সমর্থক নতুন কমিটি প্রত্যাখ্যান করে প্রতিবাদ বিক্ষোভ ও পথসভা করেছে। তারা সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা শহরের নসিব সিনেমা চত্বরে শ্রীরামপুর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে। সংক্ষিপ্ত পথসভায় একমাত্র বক্তা, সভাপতি পদপ্রত্যাশী এইচ. এম রিয়াদ হোসেন ছাত্রত্বহীন এবং বিবাহিতদের কমিটি প্রত্যাখ্যান করে অবিলম্বে বাতিলের দাবি জানান।