বিশ্বকাপ জিততে না পরলেও নিউজিল্যান্ড এবারের বিশ্বকাপে নিশ্চিতভাবেই অন্যতম সফল দল। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে বলতে গেলে ভাগ্যের কাছেই হেরে রানার্সআপ হতে হয়েছে তাদের। সেই দলটা দেশে ফেরার পর সংবর্ধনা পাবে এটিই স্বাভাবিক। কিন্তু কিউইদের দেশে ফেরার উৎসব স্থগিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
রোববার লর্ডসে বিশ্বকাপের ফাইনালে নাটকের পর নাটক হয়েছে। মূল ম্যাচ টাই হয়। এরপর সুপার ওভারও টাই। পরে বাউন্ডারির সংখ্যায় এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে যায় ইংল্যান্ড।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক ওয়েন মরগান পর্যন্ত বলেছেন, আসর জুড়ে নিউজিল্যান্ডই ভালো খেলেছে। তার দল শিরোপা পেয়েছে ভাগ্যের জোরে।
তাহলে কিউইদের বরণ করা হবে না কেন? না, তেমন গুরুতর কিছু নয়। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ ডেভিড হোয়াইট জানিয়েছেন, বিশ্বকাপের পরে সব ক্রিকেটাররা এক সঙ্গে দেশে ফিরবেন না। অনেকে ছুটি কাটাতে চলে যাবেন অনেকে। সবাইকে একসঙ্গে পাওয়া যাবে না বলেই আপাতত এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
তবে কেন উইলিয়ামসনদের নিয়ে খুব দ্রুতই উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন হোয়াইট।