সমঝোতা ছাড়াই সার্চ কমিটির সঙ্গে বিক্ষুব্ধ নেতাদের বৈঠক শেষ

ছাত্রদলের কমিটি গঠন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে মঙ্গলবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছিলেন সার্চ কমিটির নেতারা। পরে সেখানে ঢাকা হয় বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের।

বিক্ষুব্ধরা তাদের দাবিতে অটল থাকলে সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে বিক্ষুব্ধ ছাত্রদল নেতা ইখতিয়ার কবির দেশ রূপান্তরকে বলেন, সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়েছে।

কবির বলেন, সার্চ কমিটির নেতারা তাদের দলের দু:সময়ে দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার অনুরোধ জানান। জবাবে তারা তাদের দাবি মানতে বলেন। এ অবস্থায় কোনো সিদ্ধান্ত না জানিয়ে সার্চ কমিটির নেতারা বৈঠক শেষ করেন।

বৈঠকে বিক্ষুব্ধ এক ছাত্রদল নেতা সার্চ কমিটির সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে বলেন, আপনি ২৬ বছর ধরে কৃষক দলের নেতা। এখন আবার সেই সংগঠনের আহ্বায়ক হয়েছে। এটা কিভাবে সম্ভব।এখানে আপনার কোনো বয়সের সীমাবদ্ধতা নেই। আপনার কারণে এই সংগঠনে নতুন নেতৃত্ব তৈরী হতে পারেনি। যুবদল, স্বেচ্ছাসেবক দল মেয়াদোত্তীর্ণ রয়েছ্ সুপার ফাইভ দিয়ে তারা মেয়াদ শেষ করেছেন। এখন আপনাদের মতো বুড়োরাই ছাত্রদলের কমিটিতে এসেছেন।

বৈঠকে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

বিক্ষুব্ধদের মধ্যে ছিলেন সাবেক সহ সভাপতি এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, মামুন বিল্লাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক কাজী মুক্তার হোসেনসহ ৪০-৫০জন নেতা।