কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন মাদক কারবারি নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোরা শিকলগাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ ঘটে।
এ সময় বিজিবির তিন সদস্য আহত হয়েছে বলে দাবি করছে বিজিবি।
নিহত মাদক কারবারিরা হলেন- চাঁদপুর জেলার চরমুকুন্দী এলাকার মো. রেজোয়ান সওদাগরের ছেলে মো. আসমাউল সওদাগর (৩৫) ও যশোর জেলার বসুন্দিয়া (বর্তমানে নারায়নগঞ্জের ফতুল্লা) এলাকার মো. জব্বার আলীর ছেলে মো. জাবেদ মিয়া (৩৪)।
টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান নাফ নদী হয়ে সীমান্তের জাদিমোরা হয়ে প্রবেশ করবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়।
এসময় বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করেন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে মাদক পাচারকারিরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশী চালায় বিজিবি। এসময় বিজিবির টহলদলের নায়েক মো. রেজাউল করিম, সিপাহী মো. ইমরান হোসেন ও মো. মতিয়ার রহমান আহত হয়েছে।
তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুস্থ রয়েছে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে উদ্ধার করে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এসময় তাদের শরীরের সঙ্গে বাঁধা অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা, ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তাদের পকেটে থাকা এনআইডি কার্ড থেকে পরিচয় শনাক্ত করা হয়।
মৃতদেহ দুইটি হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।