‘নিউজিল্যান্ডে আমি সম্ভবত সবচেয়ে ঘৃণিত বাবা’

ছেলে বেন স্টোকসের নায়কোচিত পারফরম্যান্সে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। কিন্তু তেমন আমেজ নেই বাবা জেরার্ড স্টোকসের। উল্টো তার মাঝে রাজ্যের হতাশা। স্টোকসের বাবা নিউজিল্যান্ডের নাগরিক হওয়ায় হতাশা ঝেঁকে ধরেছে তাকে। মজা করে বললেন, তিনি নিউজিল্যান্ডের সবচেয়ে ঘৃণিত বাবা।

ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে বেন স্টোকসের প্রচেষ্টা কারো ভোলার নয়। তার নায়কোচিত পারফরম্যান্সেই প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসে ক্রিকেটের জন্মভূমি। সে অবদানের স্বীকৃতিও পেতে পাচ্ছেন স্টোকস। তারকা এই অলরাউন্ডার অচিরেই নাকি পেতে যাচ্ছেন নাইটহুড উপাধি। হতে যাচ্ছেন স্যার বেন স্টোকস।

লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে পাঁচটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৯৮ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। মূলত স্টোকসের ব্যাটে ভর করেই স্কোর টাই করতে সক্ষম হয় ইংল্যান্ড। পরে সুপার ওভারেও স্কোর টাই হলে ম্যাচে বেশি বাউন্ডারি মারার সুবাদে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যায় ইংল্যান্ড।

ছেলের কাছে দেশের হারের পর জেরার্ড বলেন, “আমি মনে হয় নিউজিল্যান্ডে সবচেয়ে ঘৃণিত বাবা।...সত্যি ব্ল্যাক ক্যাপসের জন্য আমি হতাশ। আমি বেন ও তার দলকে নিয়ে উচ্ছ্বসিত। তবে আমি এখনও একজন নিউজিল্যান্ড সমর্থক।”