কোচের জন্য দরখাস্ত আহ্বান পাকিস্তান ক্রিকেট বোর্ডের

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের জন্য কোচের জন্য দরখাস্ত আহ্বান করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। বর্তমান কোচ মিকি আর্থার ও তার সাপোর্ট স্টাফদেরও নতুন করে আবেদন করতে বলা হয়েছে।

এদিকে, বিশ্বকাপে দলের পারফরম্যান্সের মূল্যায়ন, অধিনায়কত্ব ও কোচসহ অন্যান্য বিষয়ে পিসিবির ক্রিকেট কমিটির বৈঠকের তারিখ পরিবর্তন করে চলতি মাসের শেষের দিকে নেওয়া হয়েছে। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ক্রিকেট কমিটির অন্যতম সদস্য মিসবাহ-উল-হক ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্র সফরে থাকায় বৈঠকের তারিখ পেছানো হয়েছে। ২৯ জুলাই লাহোরে হবে এই বৈঠক।

ইংল্যান্ডে সদ্য সমাপ্ত বিশ্বকাপে পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে থেকে বিশ্বকাপ শেষ করে পাকিস্তান। দলের বাজে পারফরম্যান্স বিশ্লেষণই বৈঠকের মুল আলোচ্য বিষয় হবে।

কোচের বিষয়টাও আলোচনার কেন্দ্রে থাকবে। জানা গেছে, বর্তমান কোচ মিকি আর্থারের সঙ্গে নাকি লন্ডনে বিশ্বকাপ চলাকালীন বৈঠকে বসেছিলেন পিসিবি প্রধান এহসান মানি। আর্থারকে বলা হয়েছে, তার সঙ্গে চুক্তি বাড়ানো হবে না। তবে দলটির কোচ হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী হলে নতুন করে তাকে আবেদন করতে হবে। নতুন করে আবেদন করতে হবে তার সাপোর্ট স্টাফদেরও।

পিসিবির সূত্র জানিয়েছে, দলের জন্য সম্ভাব্য কোচদের নিয়ে ভাবতে শুরু করেছে বোর্ড। এক্ষেত্রে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে।