বিশ্বকাপের পর্দা নেমেছে বেশ কয়দিন হলো। কিন্তু ইংল্যান্ডকে যে নিয়মে বিশ্ব চ্যাম্পিয়ন করা হয়েছে তাতে সমালোচনা থামছে না কিছুতেই। অনেকে ইংল্যান্ডের পাশাপাশি নিউজিল্যান্ডকেও চ্যাম্পিয়ন ঘোষণা করার যৌক্তিকতা দেখিয়েছেন। এবার আইসিসির নিয়মটির সমালোচনা করলেন বাংলাদেশের সাবেক অস্ট্রেলিয়ান কোচ ডেভ হোয়াটমোরও।
মূল ওভারে টাই হওয়ার পর সুপার ওভারের ম্যাচও টাই। এরপর বিচিত্র বাউন্ডারি নিয়মে নিউজিল্যান্ডের বিপক্ষে এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় ইংল্যান্ড। আইসিসি’র বাউন্ডারি নিয়মের সমালোচনা করে হোয়াটমোর বলেন, “শিরোপাটা ভাগাভাগি করা যেতো। তাতে দুই দলের মাঝে বিশ্বকাপ জয়ের একটা স্বচ্ছ প্রতিচ্ছবি তৈরি হতো।”
“এই ধরনের পরিস্থিতিগুলো অধিকতর ভালোভাবে মোকাবেলা করতে হবে। আবারো ম্যাচ আয়োজন করা যেতো। টুর্নামেন্টে যোগ দেওয়ার আগেই দলগুলোকে এ ব্যাপারে জানানো যেতো।”
“আমি বিস্মিত এটা ভেবে যে এই সময়ে কতজন লোক এ নিয়ম সম্পর্কে জানতো। দুইটা টাই হওয়ার পর একটি দল সত্যিই জয়ী হওয়ার মতো ছিল না। তবে আইসিসির নিয়মের জন্য সুবিধাটা ইংল্যান্ডের পক্ষে গেছে।”