সাপেকাটা রোগী নিয়ে কুসংস্কারের শেষ নেই এই উপমহাদেশে। একুশ শতকে এসেও মুক্তি মিলছে না সেই কুসংস্কার থেকে। চিকিৎসার নামে খোদ হাসপাতালে সাপেকাটা তরুণীকে বিবস্ত্র করে হেনস্তার অভিযোগ উঠেছে।
গত রোববার ভারতের মধ্যপ্রদেশের দামোর একটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।
জানা গেছে, সাপের কামড়ে সংকটাপন্ন বছর পঁচিশের ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মেয়েকে নিয়ে পরিবারের দুশ্চিন্তা তখনো কাটেনি। তাই হাসপাতালের মধ্যেই ওঝা ডেকে রীতিমতো ঝাড়ফুঁক চলে।
অভিযোগ উঠেছে, ওই দিন রাতেই হাসপাতাল কর্মীদের নজর এড়িয়ে মহিলা ওয়ার্ডে এক ওঝাকে নিয়ে ঢুকে পড়ে তরুণীর পরিবার। তারপর বেড থেকে তাকে তুলে এনে মাটিতে বসতে বলা হয়। চলে পুজো পাঠ।
শুধু তাই নয়, পুরুষদের ওয়ার্ডের সামনে তরুণীকে পোশাক খুলতে বলা হয়। সুস্থ করে তোলার নাম করে রীতিমতো হেনস্তার শিকার হতে হয় তাকে। গোটা ঘটনা ধরা পড়ে যায় হাসপাতালের সিসিটিভি ফুটেজে।
মধ্যরাতের সেই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠে রোগীদের নিরাপত্তা নিয়ে। আর এতে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।
সিভিল সার্জন মমতা তিমোরি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে নার্স ছাড়া আর কেউ এ বিষয়ে অবগত ছিলেন না। তবে সেই নার্স সব জেনেও কাউকে খবর দেননি। তাকে শোকজ করা হবে।
যদিও নার্সের দাবি, রোগীদের বোঝানো সত্ত্বেও এসব ঘটনা প্রায়ই ঘটতে থাকে।