নিষিদ্ধ সংগঠন জামাতুদ্দো দাওয়ার নেতা হাফিজ সাঈদ পাকিস্তানে গ্রেপ্তার হয়েছেন। হাফিজকে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড মনে করা হয়।
এর আগে ৪ জুলাই হাফিজসহ মোট ১৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসীদের অর্থ দিয়ে সাহায্য করার অভিযোগে মামলা করে পাকিস্তান সরকার।
হাফিজকে গ্রেপ্তার করার জন্য ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের কাছে দাবি জানিয়ে আসছিল। ২৬/১১’র ওই হামলার পর হাফিজের যুক্ত থাকার ‘বহু তথ্যপ্রমাণ’ পাকিস্তানের হাতে তুলে দেয় ভারত। পাশাপাশি এখনও পর্যন্ত আন্তর্জাতিক মহলে এ নিয়ে চাপ তৈরির কূটনৈতিক কৌশল বজায় রেখেছে নয়াদিল্লি।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, লাহোর থেকে গুজরানওয়ালায় যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে আন্তর্জাতিক চাপে রয়েছে পাকিস্তান। জঙ্গি সংগঠনগুলোর অর্থের উৎস বন্ধ করতে প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিশ্রুতি পর্যন্ত দেন।
হাফিজের বিরুদ্ধে অভিযোগ, আল-আনফাল, দাওয়াত উল ইরশাদ এবং মুয়াজ বিল জবল ট্রাস্টের নামে সম্পত্তি তৈরি এবং অর্থ জোগাড় করে তা সন্ত্রাসের কাজে ব্যবহার করছিলেন।