এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা ফলাফলের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা যথেষ্ট ভালো এবং গ্রহণযোগ্য ফল।
বুধবার সকালে গণভবনে এ বছরের এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “৭৩ দশমিক ৯৩ ভাগ পাস করেছে। এটা যথেষ্ট ভালো এবং গ্রহণযোগ্য ফল। শিক্ষার প্রতি শিক্ষার্থীরা আরও মনোযোগী হলে তারা আরও ভালো ফল করতে পারবে বলে আমার বিশ্বাস।”
এসময় ছাত্রীদের পাসের হার বেশি হওয়ায় জেন্ডার সমতার কথাটি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “ছাত্রদের পাসের হারটা বাড়াতে হবে, যাতে জেন্ডার সমতাটা এসে যায়।”
বাসস জানায়, অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পরে ১০টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ পৃথকভাবে প্রধানমন্ত্রী হাতে পরীক্ষার ফলাফল তুলে দেন।
এ বছর মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১০টি শিক্ষা বোর্ডের আওতায় এ বছর ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন কৃতকার্য হয়।
সম্মিলিত পাসের হার হচ্ছে ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এর মধ্যে ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
আটটি শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৮ দশমিক ৫৬ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮২ দশমিক ৬২ শতাংশ।