জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। রবিবার বিরোধীদলীয় নেতা এরশাদ মারা যাওয়ার দিনই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
সংরক্ষিত নারী আসনের (সংসদীয় আসন ৩৩৪) রুশেমা বেগমের মৃত্যুতে আসন শূন্য করে গত বুধবারই গেজেট প্রকাশ করা হয়েছে। দুটি গেজেট পাওয়ার পর উপনির্বাচনের জন্য তা কমিশন সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তা।
তিনি বলেন, সংরক্ষিত ৩৪ মহিলা আসনের বিষয়ে সংসদ সচিবালয়ের গেজেট আমরা পেয়েছি। বুধবারের মধ্যে রংপুর-৩ আসনের গেজেট হাতে পাবে আশা করি। এ দুই উপনির্বাচনের বিষয়ে কমিশনে উপস্থাপনের করা হবে। রংপুর-৩ আসনের উপনির্বাচন আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
সংরক্ষিত মহিলা আসন আইন, ২০০৪ অনুযায়ী আসন শূন্য ঘোষণার পরবর্তী ৪৫ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে। সে হিসাবে মধ্য অক্টোবরের মধ্যে এরশাদের শূন্য আসনে এবং অগাস্টের মধ্যে রুশেমা বেগমের আসনে নির্বাচন করবে ইসি।