‘জিরো’র ভরাডুবির ছয় মাসের বেশি হয়ে গেল। কিন্তু শাহরুখ খানের হাতে কোনো সিনেমা নেই। বেশ কয়েকটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে জানান, আপাতত অভিনয় জীবন থেকে বিরতি নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কিং খানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
বিখ্যাত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে যথাক্রমে বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করেন অনুপম ও শাহরুখ।
সম্প্রতি অনুপম বলেন, “শাহরুখ ভালো সিদ্ধান্ত নিয়েছেন। নিজেকে নতুন করে আবিষ্কার করতে এমন সিদ্ধান্ত খুব কাজে দেয়।”
আর জানান, নিয়মিত শাহরুখের সঙ্গে কথা হয় না। যেটুকু কথা হয়, তাও সোশ্যাল মিডিয়ায়। ব্যক্তিগত জীবনে তাদের সেভাবে সাক্ষাৎ হয় না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত কিছু বলতে পারবেন না।
কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, তার হাতে এখন কোনো ছবি নেই। সাধারণত একটি ছবি যখন শেষের দিকে চলে আসে তখন অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতা-অভিনেত্রীরা। তিনি নিজে একটি ছবি শেষ হওয়ার তিন-চার মাসের মধ্যে অন্য ছবির কাজ শুরু করে দিতেন আগে। কিন্তু এখন আর সেটা হচ্ছে না। কারণ, মন সায় দিচ্ছে না।
আরও জানান, এখন তিনি সিনেমা দেখেন, গান শোনেন, গল্পের বই পড়েন। ছেলে আরিয়ানের পড়াশোনা শেষের পথে। মেয়ে সুহানাও কলেজ যেতে শুরু করেছে। এই সময় তিনি ছেলে-মেয়েদের সঙ্গে থাকতে চান। পরিবারকে সময় দিতে চান।
এর আগে রাকেশ শর্মার বায়োপিকে অভিনয়ের কথা ছিল শাহরুখের। কিন্তু ‘ডন থ্রি’র জন্য সিনেমাটি ছেড়ে দেন। তবে শোনা যাচ্ছে রাজকুমার হিরানির পরের ছবির নায়ক তিনি। এ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।