কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল গত ৫ বছরের তুলনায় এবার ভাল হয়েছে। ফলাফল বিশ্লেষণে এমন তথ্য দেখা গেছে।
এবছর পাশের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী।
শতভাগ পাশ করেছে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান। ৩টি প্রতিষ্ঠানের ১ জনও পাশ করেনি।
বুধবার দুপুর পৌনে ১টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব নূর মোহাম্মদ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার জেলার ১ হাজার ৩৮৮ টি কলেজের ৯৪ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৩ হাজার ৩৫৮জন। তাদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৩২ জন এবং ছাত্রী ৪০ হাজার ২৬জন। এবার পাসের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন।
বিজ্ঞানে পাশের হার ৮৮ দশমিক ৬৪ শতাংশ। মানবিকে পাশের হার ৭২ দশমিক ৩৫ শতাংশ এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগে ৭৬ দশমিক ৯৪ শতাংশ।
১ জনও পাশ করেনি এমন ৩টি প্রতিষ্ঠান হলো- কুমিল্লার দাউদকান্দির বজ্রা স্বদিব এসইপি মডেল কলেজ, নোয়াখালীর কোম্পানীগঞ্জ হাজারি হাট স্কুল অ্যান্ড কলেজ, নোয়াখালীর হাতিয়া তমরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত গত ৫ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে ২০১৮ সালে পাশের হার ছিল ৬৫ দশমিক ৪২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ৯৪৪ জন। ফলাফল বিশ্লেষণে দেখা দেখা গেছে ২০১৭ সালে পাশের হার ছিল ৪৯ দশমিক ৫২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ৬৭৮ জন।
২০১৬ সালে পাশের হার ছিল ৬৪ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ১ হাজার ৯১২ জন। ২০১৫ সালে পাশের হার ছিল ৫৯ দশমিক ৮০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ১ হাজার ৪৫২জন।