সুদানে সেনা কাউন্সিল ও বিরোধীদের চুক্তি

সুদানের ক্ষমতাসীন সামরিক কাউন্সিল ও বিরোধী জোট দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে ক্ষমতা ভাগাভাগির একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি।

চলতি মাসের শুরুতে দুই পক্ষের মধ্যে হওয়া সমঝোতার বিভিন্ন বিষয় নিয়ে গত মঙ্গলবার রাতভর শেষ মুহূর্তের আলোচনার পর গতকাল বুধবার রাজধানী খার্তুমে উভয়পক্ষের প্রতিনিধিরা ওই চুক্তিতে স্বাক্ষর করেন। আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

কয়েক সপ্তাহের তুমুল জনবিক্ষোভের পর সুদানের সেনাবাহিনী দেশটির সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে উৎখাত করার পর আফ্রিকার এ দেশটিতে যে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সামরিক কাউন্সিল ও বিরোধীদের এ চুক্তি সেখান থেকে উত্তরণের পথ দেখাবে বলে আশা পর্যবেক্ষকদের। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর প্রতিক্রিয়ায় বিরোধী ফোর্সেস অব ফ্রিডম অ্যান্ড চেঞ্জ কোয়ালিশনের নেতা ইব্রাহিম আল-আমিন বলেন, ‘আমরা একটি স্থিতিশীল স্বদেশ চাই, কেননা আমরা অনেক ভুগেছি।’