জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জিএম কাদের। দলটির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই উল্লেখ করে এই সময় জিএম কাদের বলেন, “জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এ মুহূর্তে আমার প্রথম কাজ বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো।”
শুরুতে নতুন চেয়ারম্যানকে পরিচয় করিয়ে দেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, “জিএম কাদের এখন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, তিনি পার্টির চেয়ারম্যান। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।”
সদ্যপ্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ কয়েক মাস আগে জিএম কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন।
রোববার সকাল রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। এর কয়েক দিন পরই নেতৃত্বে এলেন প্রয়াতের ছোট ভাই।