দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার লাহোর থেকে তাকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি দমন সংস্থা।
ডেইলি সাবাহ জানায়, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির কয়েশ’ কোটি রুপির একটি চুক্তিতে দুর্নীতির অভিযোগ উঠে আব্বাসির বিরুদ্ধে।
দুর্নীতির দায়ে সুপ্রিম কোর্টের মাধ্যমে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করার পর ১০ মাসের জন্য পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন আব্বাসি।
ততকালীন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) মনোনীত এই নেতা ছিলেন দেশটির অষ্টাদশ প্রধানমন্ত্রী।
পাক দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরোর (এনএএবি) এক মুখপাত্র জানায়, কাতার থেকে এলএনজি আমদানির চুক্তিতে ঘুষ লেনদেনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নওয়াজ শরীফের ক্যাবিনেটে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি জ্বালানি মন্ত্রী ছিলেন। সে সময় এ কেলেঙ্কারিতে জড়ান তিনি।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই পাক প্রধানমন্ত্রী। বিরোধী দলের নেতা–কর্মীদের দমন নিপীড়ন করতে ইমরান খান সরকার এই অভিযোগ এনেছে।