দেশে ফিরলেন কোহলি

নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালেই শেষ হয়ে গিয়েছিল ভারতের বিশ্বকাপ যাত্রা। যদিও এবারের আসরে অন্যতম ফেভারিট ধরা হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন দলকে।

এরপর বেশ ক’দিন পেরিয়েছে। ১৪ জুলাই লর্ডসে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড। ফাইনালেরও দিন চারের পর দেশে ফিরলেন ভারত অধিনায়ক কোহলি।

বৃহস্পতিবার বলিউড অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মাসহ মুম্বাই বিমানবন্দরে দেখা যায় কোহলিকে। এর আগে সেমিফাইনালে ভারতের বিদায় নিশ্চিত হওয়ার পরদিনই দেশে ফিরেছিলেন রোহিত শর্মা।

আগামী মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ভারতের। ৩টি টি-টোয়েন্টি, সমান সংখ্যক ওয়ানডে ও দুই টেস্টর সিরিজ খেলতে এ মাসের শেষেই দেশ ছাড়বে ভারতীয় দল।

বিরাট কোহলিও এই সিরিজে খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন নির্বাচকদের। যদিও কোহলি ও জসপ্রিত বুমরাহকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিশ্রাম দিতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছিল ভারত। কিন্তু সেমিফাইনালেই বিদায় ঘণ্টা বাজে তাদের। সেই স্বপ্ন ভঙ্গের পর ভারতীয় দলের এখন মনোযোগ ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে। ৩ আগস্ট শুরু হবে ৩ সেপ্টেম্বর চলবে সিরিজ।

ব্যাট হাতে কোহলি বিশ্বকাপে ৪৪৩ রান করেন। প্রথম অধিনায়ক হিসেবে বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে ফিফটি করার কৃতিত্ব দেখিয়েছেন।