নারায়ণগঞ্জে অবরুদ্ধ ও লাঞ্ছিত কুমিল্লার সংরক্ষিত নারী এমপি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহ মীমাংসা করতে এসে অবরুদ্ধ ও লাঞ্ছিত হয়েছেন কুমিল্লার সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা। ভাঙচুর করা হয়েছে তার গাড়ি। গত বুধবার রাত ওমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ পারভেজ ঘটনাস্থলে গিয়ে এমপিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসেন।

হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বিএনপি নেতা গিয়াস উদ্দিনের ছেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিলসহ ১০ জনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় এমপির আত্মীয় মো. সোহেল বাদী হয়ে আটক ১০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকায় ফ্রান্স প্রবাসী মো. কালু মিয়ার বাড়ির চার তলার একটি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকেন হাফেজ আহমেদ ও তার স্ত্রী সালমা। গত বছরে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই হাফেজ আহমেদ তার স্ত্রী সালমাকে মারধরসহ নানাভাবে নির্যাতন করে আসছে। সালমা এমপি সেলিনার খালাতো বোন। আত্মীয়তার সুবাদে স্বামী স্ত্রীর বিরোধ মীমাংসা করতে এমপি বুধবার রাত ৯ টায় সোহেল ও সালমার পিতা জয়নাল আবেদীনকে সাথে নিয়ে ওই বাড়িতে আসেন। আলাপ আলোচনার মাধ্যমে স্বামী-স্ত্রীর বিরোধ মীমাংসা করার চেষ্টা করেন তিনি।

রাত সাড়ে ৯ টার দিকে এমপি চলে যাওয়ার সময় তার ভগ্নিপতি হাফেজ আহমেদ বাড়ির প্রধান গেইট বন্ধ করে বাঁচাও বাঁচাও চিৎকার শুরু করে। চিৎকার শোনে প্রতিবেশীরা এগিয়ে এসে হাফেজ আহমেদকে মারধর করা হচ্ছে মনে করে এমপি ও তার সাথের লোকজনের ওপর হামলা চালায়। তখন এমপি বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাটে আশ্রয় নেয়। বাড়ির সামনে পার্কিং করে রাখা এমপির গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৫-৬৩৮০) ভাঙচুর ও বাড়িটি ঘেরাও করে উত্তেজিত জনতা।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ পারভেজ ঘটনার সত্যতা শিকার করে জানান, এ ঘটনায় ১০ জনকে আটক ও মামলা হয়েছে।