চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রথম যাত্রা বনলতা এক্সপ্রেসের

উদ্বোধনের পর চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি বনলতা এক্সপ্রেস প্রথম যাত্রা করেছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টা ৫০মিনিটে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ২০০ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনটি। 

চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার মনিরুজ্জামান মনির জানান, চাঁপাইনবাবগঞ্জের জন্য বনলতা এক্সপ্রেসে আসন বরাদ্দ ২৬৪ টি। প্রথম যাত্রায় এসি, নন এসি মিলিয়ে ২০০ জন যাত্রী ছিলেন। ট্রেনটি রাজশাহীতে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে ভোরে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি প্রথম যাত্রা করা আন্তঃনগর ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, দুপুর ১টা ১৫ মিনিটে আবার ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে ট্রেনটি। শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলবে বনলতা এক্সপ্রেস।