স্ত্রীকে প্রকাশ্যে গলা কেটে হত্যার দায়ে রাজশাহীতে আয়নাল হক (৩০) নামে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসাইন এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আয়নাল হক রাজশাহীর পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামের একরাম আলীর ছেলে। পারিবারিক কলহের জের ধরে ২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে বাড়ির সামনে আয়নাল প্রকাশ্যে তার স্ত্রী সাফিয়া খাতুন ওরফে বুলবুলিকে (২৫) গলা কেটে হত্যা করেন। ঘটনার দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় মহানগরীর শাহ মখদুম থানায় হত্যা মামলা দায়ের করেন বুলবুলির বাবা জয়নাল আলী। জয়নালের বাড়ি পবা উপজেলার মদনহাটি গ্রামে। মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
রায়ে সন্তোষ জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম জানান, আসামি আয়নাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল প্রকাশ্যে। সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন। এর ভিত্তিতে আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
রায় ঘোষণার সময় আসামি আয়নাল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আয়নালের মা শাহেদা বেগম বলেন, ছেলের সাজা কমানোর জন্য তারা উচ্চ আদালতে আপিল করবেন।