পরিবার নিয়ে ছুটিতে মজে মেসি

সদ্য সমাপ্ত কোপা আমেরিকা খুব একটা ভালো যায়নি লিওনেল মেসির। সেমি-ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনাকে। তাই বলে মন ভার করে রাখতে চান না পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার। বার্সেলোনার হয়ে ক্লাব মৌসুম শুরু করার আগে পরিবারের সঙ্গে ছুটির সময়টা দারুণ কাটাচ্ছেন তারকা এই ফরোয়ার্ড।

স্ত্রী আন্তোনেল্লা রোক্কুসসো ও তিন সন্তান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় প্রাইভেট জাম্বে বে নামক দ্বীপে ছুটি কাটাচ্ছেন মেসি। ক্যারিবিয়ান অঞ্চলের অন্যতম আকর্ষণীয় এই দ্বীপটিতে বসবাসের জন্য রয়েছে দারুণ কিছু বাড়ি। এসব বাড়ির কোনো একটিতেই পরিবার নিয়ে উঠেছেন মেসি।

অসাধারণ সময় কাটানোর কিছু মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসির স্ত্রী রুক্কোসসো। মেসি যে ছুটির সময়টা পরিবারের সঙ্গে মজে আছেন ছবিগুলোই তা জানান দিচ্ছে।

চলতি মাসের শুরুতে কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে হারের পর থেকেই ছুটিতে আছেন মেসি। ছুটি কাটিয়ে কবে নাগাদ বার্সেলোনা শিবিরে ফিরছেন এ ব্যাপারেও নিশ্চিত কিছু জানা যায়নি। ৪ অগাস্ট প্রাক মৌসুম ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের আগেই মেসি দলে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।