আফিফের ব্যাটে লড়াইয়ের পুঁজি গেল ‘এ’ দল

আশানুরূপ ভালো করতে পারেননি অভিজ্ঞ ইমরুল কায়েস, এনামুল হক বিজয় ও সাব্বির রহমানরা। আফগানিস্তান ‘এ’ দলের বোলারদের সামনে খেই হারিয়েছেন সবাই। বাংলাদেশ ‘এ’ দল যখন ব্যাটিং বিপর্যয়ে তখন ত্রাতার ভূমিকায় এলেন আফিফ হোসেন। তার অর্ধশতকে নির্ধারিত পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে লড়াই করার সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ৫০ ওভার শেষে ২০১ রানের সংগ্রহ পেয়েছে। তাতে বড় অবদান ছয় নম্বরে ব্যাট করা আফিফের। রান আউট হওয়ার আগে ৭১ বলে চার চারে ৫৯ রানের ইনিংস খেলেন বাহাঁতি এই ব্যাটসম্যান। সপ্তম উইকেট জুটিতে ফরহাদ রেজাকে (৩০) সঙ্গে নিয়ে গড়েন ৬৭ রানের জুটি। অন্যদের মধ্যে ইমরুল কায়েস ২৮, এনামুল ১৯ ও সাব্বির রহমান ১৫ রান করেন।

আফগানিস্তানের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন নাভিন-উল-হক ও করিম জানাত।

দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে আফগানিস্তান ‘এ’ দল।