ঢাবি অধিভুক্ত সাত কলেজ নিয়ে আন্দোলনকারী ছাত্রীর আত্মহত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের সংকট নিরসনের আন্দোলনে যুক্ত এক ছাত্রী আত্মহত্যা করেছেন। 

অনার্স প্রথম বর্ষের পরিক্ষায় তিন বিষয়ে ফেল করার পর ঢাবি অধিভুক্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ওই ছাত্রী আত্মহত্যা করেন। 

মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জের নিজবাড়িতে একটি গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কলেজছাত্রী মনিজা আক্তার মিতু।

তিনি বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের ছাত্রী ছিলেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, ১৬ জুলাই মিতু আনুমানিক রাত ২টার দিকে নিজ ঘরের পিছনে গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। 

তিনি জানান, মিতুর হাতে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে মিতু লিখে যান, আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। আমি পরিক্ষায় ফেল করে মা-বাবাকে সন্তুষ্ট করতে পারিনি তাই আত্মহত্যা পথ বেছে নিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

তবে মিতুকে ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসা কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। ফেসবুকে তার সহপাঠীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেছেন, মিতু পড়াশোনায় মনযোগী ছিল, আমরা তাকে মেধাবী বলেই জানি।

পরীক্ষা নেয়া, উত্তরপত্র মূল্যায়ণে ত্রুটিসহ অন্যান্য সমস্যা নিরসনে সাত কলেজেন শীক্ষার্থীরা আন্দোলন করে আসছেন।