মস্তিষ্কের সঙ্গে কম্পিউটার জুড়ে দিলেন বিজ্ঞানীরা

একদিকে মানব মস্তিষ্ক। লাখ লাখ বছরের বিবর্তনের নিদর্শন। অন্যদিকে আধুনিক প্রযুক্তি। এই মস্তিষ্ক ও কম্পিউটারের সংযোগ হলেই তৈরি করা সম্ভব শক্তিশালী কম্পিউটারÑ এমনটাই দাবি মার্কিন বিজ্ঞানীদের।

মার্কিন শিল্পপতি এলন মাস্কের স্টার্ট-আপ সংস্থা নিউরালিঙ্ক। এ সংস্থার গবেষণার মূল লক্ষ্য, মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সরাসরি যোগাযোগ স্থাপন। সংস্থার দাবি, এরই মধ্যে এ ধরনের সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে তারা। দুই বছর ধরে লাগাতার গবেষণার পর জুড়ে ফেলা সম্ভব হয়েছে ডিজিটাল বুদ্ধি এবং জৈবিক বুদ্ধি। সংস্থার কর্ণধার জানান, মানুষের মস্তিষ্কের চিন্তাভাবনা যাতে দ্রুততার সঙ্গে ডিজিটাল পদ্ধতিতে আউটপুট প্রকাশ করতে পারে, তারই চেষ্টা করা হচ্ছে।

রোবোকপের মতো কল্পবিজ্ঞানের সিনেমায় মানব মস্তিষ্ক ও যন্ত্রের সংযোগ দেখা গেছে। এলন মাস্কের দাবি, সেই ধরনের সাইবর্গ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। এর ফলে অঙ্গহানির ক্ষেত্রে কম্পিউটারচালিত কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সম্ভব হবে। পাশাপাশি কাজের ক্ষেত্রে আসবে দ্রুততা। মনে মনে ভেবেই কাজ করা যাবে কম্পিউটারে। ফলে, বাড়বে কাজের গতি। এমনকি এই পদ্ধতিতে বাড়ানো সম্ভব মানুষের স্মরণশক্তিও। ২০১৬ সালে নিউরালিঙ্ক স্থাপন করেন মার্কিন শিল্পপতি ও ধনকুবের এলন মাস্ক। এই সংস্থায় বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের একাধিক নিউরোসায়েন্টিস্টদের নিয়োগ করেন তিনি। ২০১৮ সালে মস্তিষ্ক ও কম্পিউটারের সংযুক্তিকরণের একটি টিজার প্রকাশ করে নিউট্রালিঙ্ক। এই প্রযুক্তিতে মানবদেহে বসানো চিপের সাহায্যেই নিয়ন্ত্রণ করা সম্ভব কম্পিউটার। এখন মানব মস্তিষ্কে ছোট সেলাই মেশিনের মতো যন্ত্র স্থাপনের মাধ্যমে মানুষের স্মৃতিশক্তি বাড়িয়ে দেওয়ার বিষয়ে কাজ করছেন সংস্থার বিজ্ঞানীরা।