আখাউড়ায় গতকাল শুক্রবার তিনটি বাল্যবিয়ে ভেঙে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম শরীফুল হক।
জানা গেছে, আখাউড়া পৌরশহরের বাগানবাড়ি গ্রামের মেয়ে দেবগ্রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর সঙ্গে পাশের উপজেলা বিজয়নগরের এক তরুণের, মনিয়ন্দ গ্রামের সপ্তম শ্রেণিতে পড়া স্কুলছাত্রীর সঙ্গে কসবা উপজেলার কৃষ্ণপুর গ্রামের এক তরুণের এবং মোগড়া ইউনিয়নের খলাপাড়ার ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণের বিয়ের নির্ধারিত দিন ছিল গতকাল। খবর পেয়ে পুলিশ নিয়ে ওইসব বিয়েবাড়িতে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম শরীফুল হক। পরে মুচলেকা নিয়ে বিয়ে তিনটি তিনি ভেঙে দেন।
ঘটনার সত্যতা স্বীকার করে শরীফুল হক বলেন, সামাজিক ব্যাধি বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন সজাগ রয়েছে।