ডেঙ্গু আক্রান্ত হয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসলাম খানের স্ত্রীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নড়াইলের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান লুলুর স্ত্রী রুখসানা পারভীন রাণী (৫২) মারা গেছেন। শুক্রবার ২টার দিকে যশোরে ইবনে সিনা হাসপাতালে মারা যান।

আসলাম খান লুলু জানান, এক সপ্তাহ আগে তার স্ত্রী রুখসানা পারভীন পারিবারিক কাজে ঢাকায় যান। সেখান থেকে তার বোনকে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে আসেন। এরপর বাবার বাড়ি ঝিনাইদহে গেলে জ্বরে আক্রান্ত হন। ঝিনাইদহের একটি প্রাইভেট হাসপাতালের চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করলেও অবস্থার অবনতি ঘটে।

সেখান থেকে শুক্রবার দুপুরে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু রোগ ধরা পড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

রাতে খুলনা থেকে আইসিইউ সুবিধা সম্বলিত একটি অ্যাম্বুলেন্স এনে গাড়িতে ওঠানোর সময় রাত ২টার দিকে মারা যায়।

 বাদ আসর জানাজা শেষে নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হবে তাকে।

উল্লেখ্য, আসলাম খান লুলুর ছোট ভাই নিজাম উদ্দিন খান নিলু নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান।

রুখসানা পারভীনের মৃত্যুতে নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ গভীর শোক প্রকাশ করেছে।