পশ্চিমবঙ্গের সিনেমা ও টেলিভিশন জগতে রাজনীতি ছড়াচ্ছে দ্রুত। বিশেষ করে লোকসভা ভোটের পর পালাবদলের হাওয়া এসে লেগেছে টলিউডে। সম্প্রতি বিজেপিপন্থীদের বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ (বিসিপি) গঠনের মধ্য এটি নতুন মাত্রা লাভ করে। এবার সরাসরি দলের সদরে গিয়ে আনুগত্য দেখিয়ে এলেন অনেকে।
জি নিউজ জানায়, বৃহস্পতিবার পার্নো মিত্র, রূপাঞ্জনা মিত্র, ঋষি কৌশিক, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়সহ টলিউডের ১২ জন তারকা যোগ দিয়েছেন বিজেপিতে। নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে সদস্যপদ গ্রহণ করেন তারা।
সেই বিষয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী, পরিচালক ও লেখিকা অপর্ণা সেন। তৃণমূলকে ‘ডুবন্ত জাহাজ’ বলে কটাক্ষ করে তিনি বলেন, “মানুষ সব সময় ক্ষমতার দিকেই ঝোঁকে।”
নতুন সিনেমা ‘ঘরে বাইরে আজ’-এর প্রিমিয়ারের জন্য দিল্লি গিয়েছিলেন অপর্ণা। সেখানেই একটি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
তারকাদের বিজেপিতে যোগদান প্রসঙ্গে অপর্ণা বলেন, “তাদের নিয়ে আমার কিছু বলার নেই। যেদিকে ক্ষমতা মানুষ সেদিকেই যায়। তৃণমূল এখন ক্ষমতা হারাচ্ছে। তাই ওরা বিজেপিতে গিয়েছেন।”
তিনি আরও বলেন, “সিপিআইএম যখন ক্ষমতায় ছিল তখন এই অভিনেতা-অভিনেত্রীরা তাদের সঙ্গে ছিলেন। তারপর তৃণমূল ক্ষমতায় এলে সেইদিকে ঝুঁকলেন। এখন বিজেপি ক্ষমতায় আসছে তাই তারা আবার দলবদল করলেন।”
তারকাদের বিজেপির যোগদানের সিদ্ধান্তের প্রশংসা করে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “সাহস করে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাংলায় যে পরিস্থিতি চলছে, তার পরিবর্তন চাইছেন সকলেই। আগামী দিনে আরও বহু মানুষ যোগ দেবেন বিজেপিতে।”
এদিকে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমার নায়িকা পার্নো সরকারি দলে যোগদান নিয়ে বলেন, “রাজ্যের যা পরিস্থিতি, তাতে আমাদের মতো নতুনদের এগিয়ে আসতে হবে। এখানে সবকিছু ভালোভাবে চললে হয়তো আসতাম না।”