মেয়ের কিছু হলে আমি আত্মহত্যা করব: মিন্নির বাবা (ভিডিও)

বরগুনার রিফাত শরীফ হত্যায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি শুক্রবার জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এরপর তাকে জেলহাজতে পাঠান আদালত। 

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মিন্নির বাবা মোজ্জাম্মেল হোসেন কিশোর আদালত প্রাঙ্গণে আসেন। 

আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা বলেন, ‘দেশবাসী শুনে রাখেন, আমার মেয়ের কিছু হলে আমি আত্মহত্যা করমু। আমার মেয়েকে চাপ দিয়ে জবানবন্দি নেয়া হয়েছে। মিন্নি নির্দোষ, রিফাত হত্যার পেছনে শুরু হয়েছে নোংরা রাজনীতি। প্রশাসনের লোকেরা শোনেন, আপনারা সঠিক তদন্ত করেন তাহলে রিফাত হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।’

এ সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘আমার মেয়ে অসুস্থ, গতকাল রাতে একজন পুলিশ সদস্য আমার বাসায় গিয়ে মিন্নির প্রেসক্রিপশন নিয়ে এসেছে। আর আজ জোর-জবরদস্তি ও নির্যাতন করে আমার মেয়ের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।’

মোজ্জাম্মেল আরও বলেন, ‘মেয়ে আমার জীবনবাজি রেখে তার স্বামীকে রক্ষা করতে গেছে। সারা দেশের লোক তা দেখেছে। এরপরও একটি প্রভাবশালী মহল আমার মেয়েকে ফাঁসিয়ে খুনিদের আড়াল করতে চাইছে। এসব কিছুই শম্ভু বাবু (স্থানীয় সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু) আর তার ছেলে সুনাম দেবনাথের খেলা।’