এখনো ঘোরের মধ্যে আছেন মর্গান

মহাকাব্যিক ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছে বেশ কয়েকদিন হলো। কিন্তু অবিশ্বাস্য এই অর্জনের ঘোর এখনো কাটছে না বলে জানিয়েছেন দলটির অধিনায়ক ইয়ন মর্গান।

বিশ্বকাপ জয়ের পর সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক থাকবেন কি-না, তা নিয়েও কোনো সিদ্ধান্ত নেননি বলে জানালেন দেশটিকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া মর্গান। তার মনে এখনো বিশ্বকাপ জয়ের আমেজ।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মর্গান বলেন, “বিশ্বকাপ জয়ের পর এখনও উৎসবের ঘোরের মধ্য দিয়ে যাচ্ছি। তাই ইংল্যান্ড অধিনায়ক হিসেবে আগামী দিনে দায়িত্ব পালন করব কি-না, তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি।”

“পরিস্থিতি স্বাভাবিক হলে, আমার নিজেকে কিছু প্রশ্ন করার আছে। তবে শারীরিক ও মানসিক ভাবে পরিশ্রান্ত রয়েছি। কয়েক মাস পরে এ ব্যাপারে ভাবা যাবে। তখনই বলা যাবে অধিনায়কত্ব নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা।’’

চার বছর আগে ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ইংল্যান্ডের হতাশাজনক পারফরম্যান্সের পর ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক করা হয়েছিল মর্গানকে। আয়ারল্যান্ড বংশোদ্ভূত এই ব্যাটসম্যানের নেতৃত্বে ওয়ানডেতে ইংল্যান্ড এক নম্বর দলই শুধু হয়নি, জিতেছে বিশ্বকাপও।