বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় আয়শা সিদ্দিকা মিন্নির পক্ষে আইনজীবী হলেন অ্যাড. মাহবুবুল বারী আসলাম। রবিবার মিন্নির পক্ষে তিনি আদালতে জামিন আবেদন করবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল বারী আসলামকে মিন্নির পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত করেন।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ। আমার মেয়েকে আইনি সহায়তা দেওয়ার জন্য অ্যাড. আসলামকে নিয়োগ করেছি। আল্লাহ সহায় থাকলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।
অ্যাড. মাহবুবুল বারী আসলাম বলেন, আমি মিন্নির পক্ষে আইনি লড়াই লড়ব। প্রতিটি মানুষের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে ওকালত নামায় মিন্নি স্বাক্ষর করেছেন। আগামীকাল তার জামিন আবেদনের জন্য আদালতের বিচারকের কাছে আবেদন করা হবে।
কোন প্রতিবন্ধকতা আছে কি না জানতে চাইলে তিনি জানান, মিন্নির পক্ষে আইনি লড়াইয়ের জন্য কোন প্রতিবন্ধকতা নেই। এ সময় তিনি বলেন, বরগুনা জেলা আইনজীবী সমিতির যে সদস্যরা মিন্নিকে নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলেছে তাদের বিষয়ে আমরা আমাদের সভায় কথা বলব।