শ্বশুরবাড়ি ছাড়লেন রানী মুখার্জি

বিয়ের পর থেকে প্রকাশ্যে রানী মুখার্জিকে খুব একটা দেখা যায় না। তাই প্রচারণার আলো থেকে অনেকটাই দূরে তিনি। এবার শ্বশুরবাড়ি ছাড়ার কারণে শিরোনাম হলেন। শ্বশুরবাড়ি ‘চোপড়া ম্যানসন’ ছাড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। তবে রানী একা নন, পৈতৃক বাড়ি ছেড়েছেন তার স্বামী আদিত্য চোপড়াও। বিষয়টি যে খুব গুরুতর, তেমনটা নয়। কোনো ঝগড়া বা মনোমালিন্যের কারণে নয়। শোনা যাচ্ছে, রানী ও আদিত্য চোপড়া ম্যানসনের সামনেই একটা বাংলো কিনেছেন। সেখানেই মেয়ে আদিরাকে নিয়ে থাকবেন এ দম্পতি। এতদিন মুম্বাইয়ের জুহুতে বাবা যশ চোপড়ার বাড়িতে মা পামেলা চোপড়া ও ভাই উদয় চোপড়ার সঙ্গেই থাকতেন রানী-আদিত্য। সম্প্রতি তারা সেই বাড়ি ছেড়ে নতুন কেনা বাংলোয় থাকতে শুরু করেছেন। শোনা যাচ্ছে, মেয়ে আদিরাকে ক্যামেরার ফ্ল্যাশ ও প্রচারণার আলো থেকে দূরে রাখতেই আলাদা থাকতে শুরু করেছেন রানী মুখার্জি ও তার স্বামী। বলিউডের তারকাসন্তানরা সব সময় মিডিয়ার মনোযোগে থাকেন। কিন্তু সেটা চান না এ দম্পতি। রানীর স্বামী চান, তারকাসন্তানের মতো নয়, একেবারে সাধারণ মানুষের মতো বেড়ে উঠুক তাদের আদুরে কন্যা। আর সে কারণেই এ সিদ্ধান্ত।

২০১৪ সালে ইতালিতে অনেকটা চুপিচুপিই বিয়েপর্ব সেরেছিলেন রানী মুখার্জি ও আদিত্য চোপড়া। ২০১৫ সালেই তাদের জীবনে আসে আদিরা। অনেক দিন পর ‘হিচকি’ দিয়ে গেল বছর বলিউডে ফেরেন রানী মুখার্জি। ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। পত্রপত্রিকার খবর, বিশ্বব্যাপী এ ছবির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়েছে। রানীকে আগামীতে ‘মর্দানি টু’ সিনেমায় দেখা যাবে। এতে তিনি পুলিশের ভূমিকায় অভিনয় করছেন।