প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আগামী মাসের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়ে যাবে। সেখানে নতুন শ্রমিক নিয়োগও শুরু হবে। এ ব্যাপারে তাদের সঙ্গে কথা হয়েছে এবং প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অবৈধভাবে বিদেশে পাড়ি দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী দালাল ও এজেন্টদের ব্যাপারে হুঁশিয়ারি করে দেন। তিনি বলেন, ‘আমার প্রথম কাজই হবে তাদের ধরা, যারা অবৈধভাবে বিদেশে লোক পাঠান।’ অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে মৃত্যুকে হত্যাকাণ্ড অভিহিত করে দালালদের আইনের হাতে সোপর্দ করতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে প্রবাসীকল্যাণমন্ত্রী পুষ্পমাল্য অর্পণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তা, গোপালগঞ্জের জেলা প্রশাসক, জেলা ও টুঙ্গিপাড়া আওয়ামী লীগ এবং মন্ত্রীর নির্বাচনী এলাকার নেতারা।