সম্প্রতি আতলেতিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় নাম লিখিয়েছেন অঁতোয়ান গ্রিজমান। কাতালান ক্লাবটির সবচেয়ে সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে খেলার জন্য মরিয়া হয়ে আছেন বলে জানালেন ফরাসি এই ফরোয়ার্ড।
সম্প্রতি পাঁচ বছরের চুক্তিতে ২৮ বছর বয়সী এই ফুটবলার বার্সেলোনায় যোগ দিয়েছেন বলে শুক্রবার নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ। তাকে দলে টানতে আতলেতিকোয় তার বাইআউট ক্লজের ১২ কোটি ইউরো পরিশোধ করেছে বার্সেলোনা।
কিন্তু বার্সেলোনায় শুরুতেই মেসির দেখা পাচ্ছেন না গ্রিজমান। প্রাক মৌসুম সফরে কাতালান ক্লাবটি জাপান সফরে যাবে। এই সফরে দলের সঙ্গে থাকবেন না মেসি। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় খেলার পর থেকে ছুটিতে রয়েছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
“তার (মেসি) সঙ্গে খেলাটা বিস্ময়কর হবে। দিনে দিনে তার উন্নতি কিংবা অনুশীলনে সে কি করে তা দেখতে আমি উজ্জীবিত হয়ে আছি। অনুশীলনে মেসির কাছ থেকে শিখে নিজের মতো করার চেষ্টা করব। মাঠ ও মাঠের বাইরে তাকে জানার চেষ্টা করব। তার ফিরে আসার তর সইছে না আমার। মেসি, ক্লাব ও ক্লাবের খেলোয়াড়দের জন্য আমি যেকোনো ভূমিকা পালন করতে প্রস্তুত থাকব।”