গোলের দেখা পেয়েছেন দুই তারকা খেলোয়াড় গনসালো হিগুয়াইন ও ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু ইউভেন্তুসের হার রুখতে পারলেন না তারা। যোগ করা সময়ে হ্যারি কেইনের জাদুকরী এক গোলে ইতালিয়ান চ্যাম্পিয়নদের হতাশায় ডুবিয়েছে টটেনহ্যাম হটস্পার।
সিঙ্গাপুরে প্রাক মৌসুম প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রোববার ইউভেন্তুসকে ৩-২ গোলে হারায় টটেনহ্যাম।
সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে এরিক লামেলার গোলে প্রথমে এগিয়ে যায় টটেনহ্যাম। বিরতির আগে গোলটি শোধ করা হয়নি ইউভেন্তুসের। ৫৬তম মিনিটে সমতা ফেরান হিগুয়াইন। ফের্নান্দোর বের্নাদেস্কির পাসে গোলটি করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। চার মিনিটের মধ্যে ইতালিয়ান ক্লাবটিকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন রোনালদো। মাত্র আট গজ দূর থেকে জালে বল জড়ান পর্তুগিজ এই ফরোয়ার্ড।
তবে ব্যবধানটা ধরে রাখতে পারল না ইউভেন্তুস। লুকাস মাউরার লক্ষ্যভেদে লড়াইয়ে সমতা ফেরানোর পাশাপাশি লড়াই জমিয়ে তোলে টটেনহ্যাম। ২-২ স্কোর লাইনেই খেলা শেষ হওয়ার দিকে এগোচ্ছিল।
কিন্তু ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে অসাধারণ এক গোলে ম্যাচে পার্থক্য গড়ে দেন কেইন। মাঝ বৃত্ত থেকে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে বসেন এই ইংলিশ স্ট্রাইকার। এই লক্ষ্যভেদেই জয় নিশ্চিত হয় টটেনহ্যামের।